ঝিনাইদহ কালীগঞ্জে দক্ষ, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিক তৈরির লক্ষ্যে ঝিনাইদহের একমাত্র দৈনিক নবচিত্র পত্রিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের জন্য জার্নালিজম ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গবার সকাল ৯টায় দৈনিক নবচিত্র পত্রিকা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা তথ্য অফিসার এম. এ. রউফ। তিনি বলেন, বর্তমান সময়ে একজন সাংবাদিকের সবচেয়ে বড় সম্পদ হলো সত্যনিষ্ঠা, পেশাগত সততা ও দায়িত্ববোধ। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী প্রশিক্ষণই একজন শিক্ষার্থীকে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারে।
ইন্টার্ণশিপ শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ও ইন্টার্নশিপ কোর্সের প্রশিক্ষক রুহুল আমিন সৌরভ বলেন, সাংবাদিকতার প্রকৃত শিক্ষা অর্জিত হয় মাঠপর্যায়ে কাজের মধ্য দিয়ে। ইন্টার্নশিপ শিক্ষার্থীদের সেই বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় এবং পেশাগত জীবনের জন্য প্রস্তুত করে।বিশেষ আলোচক হিসেবে আরও বক্তব্য দেন দৈনিক নবচিত্রের সহকারী সম্পাদক আলহাজ্ব মোঃ ইসাহক আলী,গাজী টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ ওলিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সত্য ও জনস্বার্থনির্ভর সাংবাদিকতা চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দক্ষ সাংবাদিক তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নবচিত্র পত্রিকার সিনিয়র রিপোর্টার হুসাইন কবীর সুজন। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ইন্টার্নশিপ কোর্স শিক্ষার্থী, নবচিত্র পরিবারের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ইন্টার্নশিপ কোর্স শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে তাদের দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।