ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি কালো রঙের কুকুরের হামলায় নারীসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রাম ও কালীগঞ্জ পৌর শহরের পুরাতন হাটচাঁদনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নলডাঙ্গা সড়ক হয়ে একটি কালো রঙের কুকুর পাইকপাড়া গ্রামে প্রবেশ করে। সেখানে একে একে পাঁচজনকে কামড়ে আহত করার পর কুকুরটি কালীগঞ্জ শহরের দিকে চলে যায়। পরে পুরাতন হাটচাঁদনী এলাকায় দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী আসুম কাজির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
আহত ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, তিনি ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কুকুরটি আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয়। একই সময় গ্রামের আরও চারজনও কুকুরটির আক্রমণের শিকার হন।
আহত ব্যবসায়ী আসুম কাজি বলেন, তাঁর বাড়ি উপজেলার দুধরাজপুর গ্রামে। ব্যবসার কাজে কালীগঞ্জ শহরে এসে তিনি কুকুরটির হামলার শিকার হন। হামলায় তাঁর হাতের একটি আঙুলের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিহিত জামা-প্যান্ট ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার ছানা জানান, কুকুরের কামড়ে আহত ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতস্থান পরিষ্কার করার পাশাপাশি সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে এবং পরবর্তী ডোজ গ্রহণের নির্ধারিত তারিখ উল্লেখ করে চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে।