ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৮ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১২৬ টাকা ৭৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) সকালে পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপা রানী সরকার আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
বাজেট বক্তব্যে পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরসভাকে আরও আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য তুলে ধরা হয়।
প্রশাসক দীপা রানী সরকার কোটচাঁদপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা শরিফুল ইসলাম, সাংবাদিক এস. এম. রায়হান উদ্দীন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, এনসিপি প্রতিনিধি হৃদয় আহসান, সাংবাদিক কাজী মৃদুল, মঈন উদ্দিন খানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে কোটচাঁদপুর পৌরসভায় নাগরিক সেবার পরিধি আরও বাড়বে। তাঁরা উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।