রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি এবং শিশু বলাৎকার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের দিকনির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসান, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই আব্দুল মালেকসহ সঙ্গীয় ফোর্স তেতুলিয়া বাজারের পূর্ব পাশে একটি কামারের দোকানসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. শাহাদৎ (৩৬), পিতা—মৃত মোহাম্মদ আলী, সাং- ২৪০ তেজকুনি পাড়া, ঢাকা-কে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের অপর এক আরোহী মোটরসাইকেলসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, আটক শাহাদতের বিরুদ্ধে পুঠিয়া, চারঘাট ও বাঘা থানাসহ বিভিন্ন থানায় মাদক ও ডাকাতিসহ মোট ২০টি মামলা রয়েছে।
পৃথক আরেক অভিযানে বাঘা উপজেলার উত্তর মিলিক (চাকিপাড়া) গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমান (৬২), পিতা—মৃত মজের প্রামাণিককে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, “মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি শিশু বলাৎকার মামলার ভিত্তিতে অপর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে উভয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”