যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে আব্দুর রহিম ওরফে রমেশ (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত রমেশ ওই গ্রামের মৃত তালুক মোড়লের ছেলে।নিহতের প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গনি জানান, ঘটনার সময় আব্দুর রহিমসহ চারজন কৃষক মাঠে একসঙ্গে ধান রোপণ করছিলেন।
এ সময় হঠাৎ বৃষ্টিসহ আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুর রহিম নিহত হন। তবে তার সঙ্গে থাকা অন্য কৃষকরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।