• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ফ্যাসিস্টদের দমনে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে: খুলনা রেঞ্জের ডিআইজি

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি / ৩৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ফ্যাসিবাদের পুনরুত্থান কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর ভূমিকা পালন করবে। পাশাপাশি ৫ আগস্ট ও ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

সোমবার বিকেলে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, সরকারের এ অবস্থান বাস্তবায়নে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কোনো পুলিশ সদস্য মাদক সংশ্লিষ্টতায় জড়িয়ে পড়লে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে। তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী বহন করবে না।

তিনি আরও জানান, ডাকাতি ও দস্যুতা কঠোরভাবে দমনের জন্য পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সততা, দক্ষতা, যোগ্যতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে—এমন কর্মকর্তাদেরই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হবে। এছাড়া নারীর প্রতি সহিংসতার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। শিশু ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পুলিশ সম্প্রীতিমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

তথ্য আদান-প্রদানের গুরুত্ব তুলে ধরে ডিআইজি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সময়মতো সঠিক তথ্য না দিলে গুজব ছড়িয়ে পড়তে পারে। তাই দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের দ্রুত ও নির্ভুল তথ্য গণমাধ্যমকে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে যায়।

সভাপতির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, সন্ত্রাস, মাদক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণে জেলা পুলিশ ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ডাকাত ও চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণা ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, এম রায়হান, মিজানুর রহমান বাবুল, সাংবাদিক সাদ্দাম হোসেন এবং আহমেদ নাসিম আনসারী।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা