ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় ছাত্র মেসে খাবার খাওয়া নিয়ে তর্কের জেরে বন্ধুর ছুরিকাঘাতে কওসার আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু লিখনকে আটক করেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কওসার আলী ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।
তিনি হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলেনিহিতের স্বজন ও সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মহিলা কলেজপাড়ার আবু জাফরের বাড়িতে একটি ছাত্র মেসে শিক্ষার্থীরা থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের বাথান মাদ্রাসার ছাত্র ও শৈলমারি গ্রামের লিটু খানের ছেলে লিখন বাইরে থেকে কাজ শেষে মেসে ফেরেন। এ সময় দুপুরের খাবার শেষ হয়ে যাওয়ায় তিনি কওসারকে দায়ী করে তর্কে জড়ান।
একপর্যায়ে খাবার না পেয়ে উত্তেজিত লিখন কওসারকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত লিখনকে আটক করে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।