কালীগঞ্জে কোন চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ ও মাদককে হারাম ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রবিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মরত সরকারি কর্মকর্তা, কলেজসমূহের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাশেদ খান বলেন, আজকের পর কালীগঞ্জে সরকারি কোন দপ্তরে ঘুস সহ্য করা হবে না। এমন অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স। ঘুস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো। আমি রাশেদ খান নিজে কোন অন্যায়ে জড়িত হলে সাংবাদিকরা অবশ্যই মিডিয়াতে নিউজ করবেন। অন্য কোন নেতা জড়িত হলে তথ্য-প্রমাণসহ নিউজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হলো।
তিনি বলেন, এ সরকার দায়িত্ব গ্রহণের পরে মবকে কোন ধরনের প্রশ্রয় দিচ্ছে না। মবের বিরুদ্ধে একদমই জিরো টলারেন্স। মবকে আমরা কোনভাবেই প্রশ্রয় দিবো না। কোন বেসামরিক লোক শালিস বাণিজ্য করতে পারবে না। অফিস খুলে শালিস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ-সন্ত্রাসদের কোন ছাড় দেওয়া হবে না।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, বিএনপি নেতা হামিদুল ইসলামসহ অন্যান্যরা।