• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আজিমুল ইসলাম কালীগঞ্জ থেকে / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ এখন পুরোদমে চলছে। দিন-রাত পরিশ্রম করে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা।দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় প্রতিমা তৈরির কারিগরদের যেন দম ফেলার সময় নেই। কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ বাঁশ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন। আবার কেউ কাঠামোর ওপর ধাপে ধাপে মাটি লাগিয়ে প্রতিমার আকৃতি ফুটিয়ে তুলছেন। এরপর প্রতিমা শুকানো, রঙের প্রলেপ দেওয়া এবং বিভিন্ন ধরনের সাজসজ্জার মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হচ্ছে।

একেকটি প্রতিমা তৈরির কাজ বেশ সময়সাপেক্ষ ও শ্রমনির্ভর। সাধারণত একজন মূল কারিগরের সঙ্গে আরও দুই থেকে তিনজন সহকারী কাজ করেন। একটি মৃৎশিল্পী দল দুর্গাপূজার মৌসুমে প্রায় ৬ থেকে ৭টি প্রতিমা তৈরির বায়না নিয়ে থাকে।প্রতিমা তৈরিতে কারিগরদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতাও চলে কার প্রতিমা কত বেশি সুন্দর ও নিখুঁত হবে। যার কাজ যত সুন্দর, বাজারে তার চাহিদাও তত বেশি। তবে মেধা ও শ্রমের তুলনায় কাঙ্ক্ষিত পারিশ্রমিক পান না বলে জানান কারিগররা।নাম প্রকাশে অনিচ্ছুক এক কারিগর আক্ষেপ করে বলেন, সার্বজনীন দুর্গা মন্দিরে সব শ্রেণির মানুষ থাকেন। সবাই তো সমান অর্থ দিতে পারেন না, তাই আমাদের মজুরিও কম হয়। তবুও পূর্বপুরুষদের কাছ থেকে শেখা এই পেশা ভালোবাসা থেকেই আঁকড়ে ধরে রেখেছি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খা জানান, আমাদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এ বছর কালীগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ১শ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে।নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, যেসব মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, সেখানে ইতিমধ্যেই নৈশপ্রহরীর ব্যবস্থা করা হয়েছে। গত দু’বছরের মতো এবারও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় ১শ টি মণ্ডপেই পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা