যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে করিমন চুরির অভিযোগে ধাওয়া দেওয়ার ঘটনায় মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। অপরজন মনিরুজ্জামানকে আটক করা হয়েছে বলে জানা গেছে
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালানোর সময় তিনজনকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল পানিতে পড়ে যান। পরে মিজানুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহত মিজানুর রহমানের বাবার নাম খায়রুল।
অপরদিকে, বিল্লাল এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় মনিরুজ্জামানকে আটক করা হয়েছে। সুনেহ সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে যাতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজর রাখছে। ঘটনার বিস্তারিত এবং নিখোঁজ ব্যক্তির সন্ধান সম্পর্কে পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।