জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন উপলক্ষে বিশেষ সংগীত উপহার দিয়েছেন তরুণ শিল্পী জীবন দাস। প্রিয় শিল্পীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে নিজের উদ্যোগে গানটি তৈরি করেন তিনি। বাংলা সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন ইমরান মাহমুদুল।
মেলোডিয়াস ও শ্রুতিমধুর গানের মাধ্যমে বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। প্রতিবছরই জন্মদিনে ভক্তদের কাছ থেকে নানা শুভেচ্ছা ও উপহার পেলেও এবার জীবন দাসের সংগীত উপহারটি পেয়েছে বিশেষ গুরুত্ব। জীবন দাসের তৈরি গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন ইমরান মাহমুদুল। একই সঙ্গে তরুণ শিল্পীর এই উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জীবন দাস বলেন, ইমরান মাহমুদুল বাংলা গানের একজন উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠ ও গায়কিতে অনুপ্রাণিত হয়েই জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে গানটি তৈরি করেছেন তিনি। ইমরান নিজেই গানটি তাঁর অফিসিয়াল পেজে শেয়ার করায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞ।
ইমরানের ফেসবুক পেজে গানটি প্রকাশের পর ভক্ত-শ্রোতাদের মধ্যেও সাড়া পড়ে। কমেন্টে অনেকেই ইমরানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জীবন দাসের উদ্যোগের প্রশংসা করছেন। তরুণ শিল্পীর এই বিশেষ সংগীত উপহার এবং জনপ্রিয় শিল্পীর তা নিজ হাতে ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার ঘটনা সংগীতাঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।