২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন ভর্তি সম্পন্ন করার সময়সীমা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনীত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়
চিঠিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্ন করতে হবে। এ জন্য একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটের লগইন প্যানেলে কলেজের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে।
এরপর কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইন ভর্তি বা ‘অ্যাডমিট’ কার্যক্রম সম্পন্ন করতে হবে। যাচাইয়ের ক্ষেত্রে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ এবং এসকিউ কোটার প্রমাণকসহ প্রয়োজনীয় নথিপত্র দেখতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইন সিস্টেমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কলেজে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।এ ছাড়া পরবর্তী সময়ে ভর্তি সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে আজ। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়।এর আগে গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
প্রথম ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।মনোনীত শিক্ষার্থীদের গত ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছিল। এখন অনলাইন সিস্টেমে কলেজের পক্ষ থেকে ভর্তি সম্পন্ন করার সময়সীমা ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।