• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

খুলনায় গুলিবিদ্ধ যুবক, পথে অ্যাম্বুলেন্সও লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক / ১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়।

সোমবার (৪ এপ্রিল) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলির সঠিক সময় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার সংলগ্ন ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিষয়টি জানাজানি হয়। চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু ঢাকায় নেয়ার পথেও ঘটে আরও ভয়াবহ ঘটনা। রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালায়। এ সময় অ্যাম্বুলেন্সের গায়ে গুলি লাগে। পরিস্থিতি বেগতিক দেখে অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় অ্যাম্বুলেন্সটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই কুদির বটতলা এলাকায় সন্ত্রাসীরা গুলি চালায়। তিনি দ্রুত গাড়িটি থানায় নিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে খুমেকে আনা হয়। তার সঙ্গে থাকা এক নারী জানান, আহত ব্যক্তি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নিলে পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানান, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় ও কখন তার ওপর হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা