• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

অস্ত্র না দেওয়ার আশ্বাস চীনের, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক / ২০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

চীন সফরের প্রথম দিন প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। পরে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছেন যে চীন ইরানকে অস্ত্র দেবে না, যা বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তেহরানকে চীনের সম্ভাব্য গোপন সামরিক সহায়তা নিয়ে নানা আলোচনা চলছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও দাবি করেছিল, তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের।তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বৈঠকে শি জিনপিং এসব আশঙ্কা নাকচ করে দিয়েছেন।

যদিও সামরিক সহায়তার বিষয়ে চীন আশ্বাস দিয়েছে, তবুও ট্রাম্প জানিয়েছেন যে ইরানের তেল কেনা অব্যাহত রাখতে পারে বেইজিং এবং এ বিষয়ে ওয়াশিংটনের আপত্তি নেই। একই সঙ্গে শি জিনপিং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বলেও জানান ট্রাম্প।

এদিকে সফরে বাণিজ্যিক ক্ষেত্রেও বড় অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চীন ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার অঙ্গীকার করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন ও পোল্ট্রি পণ্য আমদানিতেও সম্মত হয়েছে বেইজিং।ট্রাম্প আরও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীদের ভিসা নীতিতে কিছুটা শিথিলতা আনা হতে পারে।

তবে বৈঠকের ইতিবাচক দিকের পাশাপাশি তাইওয়ান ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা স্পষ্ট হয়ে উঠেছে। শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান প্রশ্নে ভুল পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।অন্যদিকে ইরানকে গোপনে সামরিক প্রযুক্তি ও স্যাটেলাইট সুবিধা দেওয়ার বিষয়ে চীনের ভূমিকা নিয়ে ওয়াশিংটনের সন্দেহ এখনো পুরোপুরি কাটেনি।

দুই দিনের এই রাষ্ট্রীয় সফরের প্রথম দিন শেষ হয় গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত এক রাজকীয় ভোজসভায়। সেখানে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা  ইলন মাস্ক ও টিম কুক-সহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা