• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

বিশ্বকাপ ফাইনালের টিকিটে রেকর্ড, সর্বোচ্চ কত?

স্পোর্টস ডেস্ক / ২৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। তবে সেই উচ্ছ্বাসে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টিকিটের আকাশছোঁয়া মূল্য। আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচের গড় টিকিট মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা।

এটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত যেকোনো ক্রীড়া ইভেন্টের ইতিহাসে সর্বোচ্চ গড় টিকিটমূল্য হিসেবে নতুন রেকর্ড গড়েছে।বর্তমানে ফাইনাল ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে, সর্বোচ্চ দামে বিক্রি হওয়া একটি টিকিটের মূল্য ২৮ হাজার ৪৭৯ ডলার, অর্থাৎ প্রায় ৩৫ লাখ টাকা।আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার। দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর কিছুটা কমলেও টিকিটের দাম এখনও সাধারণ দর্শকদের নাগালের বাইরে।

টিকপিকের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের তালিকায় এখন শীর্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। এর পর রয়েছে ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই (গড় মূল্য ৯,৪১১ ডলার), ২০২১ সালের সুপার বোল এলভি (৭,৩১৩ ডলার), ২০২০ সালের সুপার বোল এলআইভি (৬,৫৪৬ ডলার) এবং ২০২৬ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ (৬,৩০৮ ডলার)।

এদিকে, ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৯০০ ডলারে। ইংল্যান্ড সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ওই ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৩০০ ডলার কমে গেছে।টিকিট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিটপিকের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফিফার ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে পরিণত হয়েছে। টুর্নামেন্টের শুরুতে গড় টিকিটের দাম ছিল ১ হাজার ৬২২ ডলার, যা সেমিফাইনাল পর্বে বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬২ ডলারে।

তবে টুর্নামেন্টজুড়ে টিকিটের দাম শুধু বাড়েনি। পুনর্বিক্রয় (রিসেল) বাজারে কয়েকটি ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমেও যায়। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেওয়ার পর স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত নেমে আসে।

শুরুর দাম কত ছিল? প্রথম ধাপে টিকিট বিক্রির সময় ফিফা ফাইনাল ম্যাচের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছিল ১০ হাজার ৯৯০ ডলার। পুনর্বিক্রয় বাজারের মূল্য বাদ দিলে এটিই ছিল ফুটবল ইতিহাসের সর্বোচ্চ নির্ধারিত অফিসিয়াল টিকিটমূল্য।

টিকিটের এই উচ্চমূল্য নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। অনেকের অভিযোগ, ২০২৬ বিশ্বকাপ সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গিয়ে ধনীদের টুর্নামেন্টে পরিণত হয়েছে। সমর্থকদের এই প্রতিক্রিয়ার পর ফিফা জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রির কৌশল নতুন করে পর্যালোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা