বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন এই তফসিল প্রকাশ করে। ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশনের নিজস্ব ভবন এবং জাতীয় সংসদে পুরো নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবেতিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে)।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে (ইসি ভবনে)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের তারিখ ও সময় ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (জাতীয় সংসদের অধিবেশন কক্ষে)।
ইসি সচিব উল্লেখ করেন, ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। সময়সূচি ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আপাতত কেবল নির্বাচনের তফসিলই প্রকাশ করা হলো, পরবর্তীতে হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে বলে জানান সচিব। এর আগে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। ভোটার তালিকা হাতে পাওয়ার পরই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের গোপন ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে ইতোমধ্যে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করে ইসি।